
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) ব্যাংকটির অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার হিসেবে প্রদান করে।
জানা যায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়। ওই নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে টানা কর্মসূচি চালিয়ে আসছেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক গ্রাহক ব্যাংক থেকে আমানত তুলে নেন। ফলে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও)ও পূরণ করতে পারেনি ইসলামী ব্যাংক।
এ অবস্থায় গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। এরই ধারাবাহিকতায় রোববার আড়াই হাজার কোটি টাকার সহায়তা অনুমোদন ও বিতরণ করা হয়।
এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না।