
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সরোয়ার হোসেন। মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি চুক্তিভিত্তিকভাবে ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।