
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি, অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসা এবং মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ইল্ড কিছুটা নরম হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। একই সঙ্গে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৯ দশমিক ৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে কমে আসা, জ্বালানি তেলের দাম হ্রাস এবং মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ইল্ড কম থাকায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠককে ঘিরে মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকায় সপ্তাহের শুরুতেই মূল্যবান ধাতুর বাজার ইতিবাচক অবস্থানে রয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমে আসা এবং মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডের নমনীয় অবস্থানও সোনার দামে সহায়ক ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য সাধারণত মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ায়, যার ফলে সুদের হার দীর্ঘ সময় উঁচু থাকতে পারে। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই সম্পদের চাহিদা কিছুটা কমে যেতে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ১৫ ডলারে, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৩১ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৮৪ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
