
মাইক্রোএন্টারপ্রাইজ খাতে অর্থায়ন বাড়িয়ে দেশে ২ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
বুধবার ঢাকায় বাংলাদেশ ব্যাংক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক মো. আনিছুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। পিকেএসএফের পক্ষে এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ মে দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে পিকেএসএফের মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের আওতায় দেশব্যাপী কর্মসূচি চালুর প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করেছে পিকেএসএফ।
সংশ্লিষ্টরা জানান, সম্ভাবনাময় মাইক্রোএন্টারপ্রাইজে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনটি প্রধান উপাদানকে কেন্দ্র করে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এগুলো হলো—আর্থিক সেবা প্রদান, ব্যবসাগুচ্ছভিত্তিক ভ্যালু চেইনের উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি।
কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করবে পিকেএসএফ। এ কার্যক্রমের মাধ্যমে মাইক্রোএন্টারপ্রাইজ খাতে ২ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ের প্রয়োজন অনুযায়ী অর্থের জোগান নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে। এতে একই অর্থ একাধিকবার ব্যবহারের সুযোগ থাকবে এবং দীর্ঘমেয়াদে মাইক্রোএন্টারপ্রাইজ খাতে অর্থায়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।
পিকেএসএফের কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে দেশের তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সক্রিয় হবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, দক্ষতা অর্জন এবং নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।