
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয়ের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাব দুটিতে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের কথা বলা হয়েছে।
মঙ্গলবার রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে জুম প্ল্যাটফর্মে কমিটির ২০২৬ সালের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়। সভার তথ্য জানান অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
প্রথম প্রস্তাবে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সংগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি জনস্বার্থের প্রয়োজন মেটাতে আরও তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার সুপারিশ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই।
এই প্রস্তাবের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের জন্য সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।