
প্রায় তিন মাস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি মঙ্গলবার (১৭ নভেম্বর) বাজারটিতে দাম বাড়ার তালিকায় ছিল অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারটির মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। এর মধ্য দিয়ে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই দুই শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ল।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার এই ধারা অব্যাহত ছিল। এমনকি দিনের শেষভাগে দাম বাড়ার প্রবণতা আরও জোরালো হয়। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৫টি প্রতিষ্ঠানের। আর ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে ১১টির দাম কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে স্থান পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ২৭টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৬টির দাম বেড়েছে। বিপরীতে ১৪টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ পয়েন্টে উঠে এসেছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার বাজারটিতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৩৪ লাখ টাকা।
এর মধ্য দিয়ে গত ১৮ আগস্টের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওই দিন বাজারটিতে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবারের লেনদেনে সবচেয়ে বড় অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ টাকার। আর ২৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রানার অটোমোবাইল।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এনভয় টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং বেক্সিমকো।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬১টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮১ লাখ টাকায়। আগের কার্যদিবসে সিএসইতে ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।