
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, ফল জানার জন্য টেলিটক একটি বিশেষ এসএমএস সেবা চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
যেভাবে এসএমএসে ফল জানবেন
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
DPE <স্পেস> রোল নম্বর
এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: DPE 123456
অনলাইনে যেভাবে ফল দেখবেন
এছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে। ফলাফল পোর্টাল-এ প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর ওয়েবসাইটে একসঙ্গে বেশি সংখ্যক ব্যবহারকারী প্রবেশ করলে সাময়িক ধীরগতি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।