
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি প্রাথমিক শিক্ষায় খেলাধুলা ও সংস্কৃতিকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা মিড ডে মিল কর্মসূচির আওতায় আনা হবে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামেও খেলাধুলা বিষয়টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।
এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘সদ্য জাতীয়করণকৃত সরকারি কলেজসমূহের শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষকদের পেশার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, নিজের পেশাকে ভালোবাসতে না পারলে, সেই কাজ উপভোগ করা যায় না। তাই শিক্ষকদের নিজের পেশার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে।
নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের মোট ৯টি ভেন্যুতে ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।