
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মেয়ে তানি দীপাবলি নেওয়াজের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকে মায়ের প্যারোলের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তানি দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করে।
প্যারোলে মুক্তি পেয়ে দীপু মনি ঢাকায় পৌঁছানোর পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।