
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়—দুই বিষয়ের জন্যই ১ ঘণ্টা ৩০ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১৫ ডিসেম্বর দুই বিষয়ের পরীক্ষা মিলিয়ে মোট ৩ ঘণ্টা পরীক্ষা হবে।
পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।