
শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগ ও পদক্ষেপের প্রশংসা করে। এ সময় বাংলাদেশের শিক্ষা এবং অন্যান্য খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা যদি এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো।’ এ লক্ষ্য অর্জনে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে শিক্ষার গুণগত মান উন্নয়নে দুই দেশের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে চীনা অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।