
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষায় পাস করতে না পারলে এসব শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এই অবস্থা থেকে উত্তরণে নতুন প্রজন্ম থেকেই উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে নৈতিক অবক্ষয় রোধ করা যায়। এ জন্য প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, যারা পাস করেছে, তারা এগিয়ে গেছে। কিন্তু যারা ঝরে পড়েছে কিংবা পরীক্ষায় ফেল করেছে, তাদের নিয়ে আগে ভাবতে হবে। কীভাবে এসব শিক্ষার্থীকে পুনরুজ্জীবিত করে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
মিলন বলেন, বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। “ফেলের এই লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না,” বলেন তিনি।
তিনি জানান, পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে কি না, তা নির্ধারণ করা হবে। পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়া হবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোং কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।