
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এবার এই দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী ফল দেখা যেতে পারে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাড়তি সময় ও পরিশ্রম করতে হয়েছে। সিলেবাসের পরিধি বড় হওয়ায় অনেক শিক্ষার্থীকে চাপের মধ্যে পড়তে হয়েছে। পাশাপাশি গতানুগতিক প্রশ্নের বাইরে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ফলাফলে এর প্রভাব পড়তে পারে।
খাতা মূল্যায়নের ক্ষেত্রেও এবার বাড়তি নম্বর দেওয়ার পরিবর্তে যথাযথ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির কারণেও পাসের হার কমতে পারে বলে মনে করছেন তাঁরা।
ফলাফলে প্রভাব পড়ার পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকেও একটি কারণ হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থী কলেজে নিয়মিত যাওয়া থেকে বিরত থাকে। কারও কারও মধ্যে নিয়মিত ক্লাস ও পড়াশোনার প্রতিও অনীহা তৈরি হয়। এসব পরিস্থিতি এবারের পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।