
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি সামাজিক নিরাপত্তাহীনতা, শিল্পীদের দুর্দশা এবং সংস্কৃতি অঙ্গনের অস্থিরতা নিয়ে খোলামেলা বক্তব্য দেন। তিনি বলেন, করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে। আমরা সব ভুলে যাই বরাবরের মতো, বিপদ কেটে যাওয়ায় আবারও অহংকারী হয়ে গেছি। সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা। আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পোস্ট করা ওই বক্তব্যে আসিফ লিখেছেন, ‘পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রনা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে, প্রথম চালানেই বন্ধ হয় সংগীতের কার্যক্রম।
এই দেশে শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না। বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া। তবু থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ।’
করোনাকালে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ‘সেই সময় আমরা মোবাইল ফোনে রেকর্ডিং করতাম। স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নেই, সব কাজ বাসাতেই হতো। নিরাপত্তার কারণে অনেক মিউজিশিয়ান শহর ছেড়ে চলে যান, কেউ প্রবাসে, কেউ পেশা বদলেছেন। তবু ধ্রুব গুহ দাদার মতো দুই-একজন বোকা প্রডিউসার আমাদের পাশে ছিলেন।’
বর্তমান সংগীত ও চলচ্চিত্র শিল্পের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে এই শিল্পী লেখেন, ‘এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। আছে সেগুলোর কঙ্কালসার অবয়ব। এই অবয়ব দিয়ে ল্যাবেও (গবেষণা) কাজ হবে না।’
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান-পতনকে তিনি তুলনা করেছেন Tom and Jerry-এর গল্পের সঙ্গে। আসিফের ভাষায়, যেভাবে সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায়, চাটুকারের দল আসে।
তিনি আরও বলেন, একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই। এই টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হওয়ার নয়।