
পশ্চিমবঙ্গের দীঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সহঅভিনেত্রী শ্বেতা মিশ্র-কে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার বিকেলে ধারাবাহিক নাটক ‘ভোলে বাবা পার করেগা’-র আউটডোর শুটিং চলছিল।
রাহুল ও শ্বেতা কিছুটা বেশি জলের দিকে এগিয়ে গেলে শ্বেতা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান।
তাকে উদ্ধার করতে গিয়ে রাহুলও পানিতে পড়েন।
শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত জলে ঝাঁপ দেন। শ্বেতাকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান, অতিরিক্ত পানি শরীরে ঢুকে যাওয়ায় তিনি মারা গেছেন।
পুলিশ জানায়, শুটিং চলাকালীন ঘটনাটির কিছু অংশ ক্যামেরায় ধারণ হয়। দেখা যায়, তারা হাত ধরে সমুদ্রের দিকে এগোচ্ছিলেন। রাহুলকে উদ্ধার করার সময় ক্যামেরা বন্ধ থাকায় পুরো ঘটনা রেকর্ড হয়নি।
উল্লেখ্য, উভয়ই সাঁতার জানতেন না। শুটিং স্পটে থাকলেও প্রবল বাতাসের কারণে নিরাপত্তা সতর্কবার্তা তাদের কাছে পৌঁছায়নি। শেষ পর্যন্ত ডুবুরি জলে ঝাঁপিয়ে উদ্ধার অভিযান চালান।