
চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ উৎসব মুখার্জির হঠাৎ নিখোঁজ হওয়ায় তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও রহস্য। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’–এর চিত্রনাট্যকার ও নির্মাতা উৎসব মুখার্জি বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরিবারের দাবি, জরুরি ব্যাংকসংক্রান্ত কাজের কথা উল্লেখ করে তিনি বের হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও আর ফিরে আসেননি।
তার স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা ২২ মিনিটে তাদের মধ্যে সর্বশেষ কথা হয়। তখন উৎসব জানান, তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছেন। এরপরই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে তার মোবাইল ফোন সংক্রান্ত তথ্য। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি নিজের ব্যক্তিগত ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিলেন। পরিবর্তে সঙ্গে নিয়েছিলেন তার প্রয়াত বাবার একটি ফোন, যা বর্তমানে বন্ধ রয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আদৌ ব্যাংকে পৌঁছেছিলেন কি না কিংবা সেখান থেকে বের হওয়ার পর কী ঘটেছে—এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টালিউডের এই নির্মাতা তার সৃজনশীল কাজের মাধ্যমে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন। চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে তিনি প্রশংসিত ছিলেন। তার আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।