
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব জানিয়েছেন, সুপারস্টার শাহরুখ খান-এর সঙ্গে একটি ভুল বোঝাবুঝির কারণে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়। তিনি বলেন, একটি ভুল যোগাযোগের জেরেই বড় প্রজেক্টে কাজ করার সুযোগ আর পাওয়া হয়নি, যা পরে তার পেশাগত জীবনে প্রভাব ফেলে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাজপাল জানান, ওম শান্তি ওম সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। তবে তার অজান্তেই ঘনিষ্ঠ এক সহকারীর মাধ্যমে ভুল বার্তা পৌঁছে যায় শাহরুখের টিমের কাছে। সেই বিভ্রান্তির কারণেই শেষ পর্যন্ত প্রজেক্টটি আর করা হয়ে ওঠেনি তার। এই ঘটনার রেশ পরে আরও কিছু কাজেও পড়ে।
তিনি আরও জানান, বিল্লু সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের পরিকল্পনা থাকলেও সেটিও আর বাস্তবায়ন হয়নি। পরে ওই চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান। রাজপালের ভাষায়, একটি ভুল সিদ্ধান্ত ও ভুল বোঝাবুঝি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, জুহি চাওলা-র ভাই তাকে সরাসরি শাহরুখের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। কারণ, কাল হো না হো সিনেমায় একসঙ্গে কাজ করার সময় শাহরুখ ভবিষ্যতে বড় প্রজেক্টে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন।
তবে পেশাগত দূরত্ব তৈরি হলেও ব্যক্তিগত সম্পর্কে কোনো ভাঙন ধরেনি বলে জানিয়েছেন রাজপাল। তার ভাষায়, পরবর্তীতে যখনই তাদের দেখা হয়েছে, সম্পর্ক আগের মতোই আন্তরিক থেকেছে, বন্ধুত্বেও আসেনি কোনো পরিবর্তন।