
নিজের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, বয়স কম থাকা অবস্থায় আবেগের তাড়নায় নেওয়া বিয়ের সিদ্ধান্তকে এখন তিনি জীবনের বড় ভুলগুলোর একটি হিসেবে দেখেন।
এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তখন তিনি অনেক কম বয়সী ছিলেন এবং জীবন সম্পর্কে বাস্তব ধারণাও পুরোপুরি তৈরি হয়নি। সেই সময়ে আবেগের প্রভাবেই বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে সময়ের অভিজ্ঞতায় বুঝতে পারেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে আরও পরিপক্ব হওয়া প্রয়োজন। তার মতে, জীবনের বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করা ঠিক নয়।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অভিনেতা শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। বিষয়টি প্রায় ৯ বছর গোপন রাখার পর ২০১৭ সালে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকে। তবে ছুটির দিন বা বিশেষ সময়ে সে বাবার বাসায় গিয়ে দাদা দাদির সঙ্গে সময় কাটায়।
অপু বিশ্বাস আরও জানান, অতীত নিয়ে তার অনুশোচনা থাকলেও সেই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। এখন তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্থির ও সচেতন মনে করেন এবং কাজের দিকেই বেশি মনোযোগ দিতে চান।
আবারও বিয়ে প্রসঙ্গে প্রশ্ন এলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, এখনই এ বিষয়ে কিছু বলার মতো অবস্থায় তিনি নেই। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বর্তমানে বড় পর্দায় নিয়মিত না থাকলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার কারণে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি শোনা যাচ্ছে, আসন্ন কোরবানির ঈদে তার অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেননি তিনি।