
ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে একাধিক প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে একটি আবাসন সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী, ২০১৪ ও ২০১৫ সালে ওই সংস্থা প্রায় চারশো জনের কাছ থেকে মাথাপিছু সাড়ে পাঁচ লাখ টাকা করে সংগ্রহ করে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি এবং অর্থও ফেরত পাননি।
এ ঘটনায় ওই সংস্থার ডিরেক্টর পদে নুসরাত জাহানের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে। সেই সূত্র ধরেই তাকে ইডির নজরদারিতে রাখা হয়। এর আগেও ২০২৩ সালে একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে জানা যায়। নতুন কিছু নথি ও তথ্য সামনে আসার পরই এবার পুনরায় তাকে ডেকে পাঠানো হয়।
এদিন সকালেই স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান নুসরাত জাহান। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। পরে তিনি সরাসরি দফতরের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় বের হলেও তিনি গণমাধ্যমের সামনে কিছু বলেননি।
টানা সাড়ে আট ঘণ্টার এই জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে তার বক্তব্য রেকর্ড করেছেন বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে এখন আলোচনায় ওপার বাংলার এই অভিনেত্রী।