
গায়িকা হিসেবে গ্র্যামি, বিলবোর্ড ও কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের শীর্ষ সম্মাননাগুলো অর্জনের পর এবার গীতিকার হিসেবেও বড় স্বীকৃতি পেলেন টেইলর সুইফট। মাত্র ৩৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে সংরাইটারস হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
গত ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত সংরাইটারস হল অব ফেমের বার্ষিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিশ্বজুড়ে গীতিকারদের অবদানকে স্বীকৃতি দিতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় সংরাইটারস হল অব ফেম। সাধারণত অন্তত ২০ বছর ধরে গান লিখছেন এমন গীতিকাররাই এ সম্মান পাওয়ার যোগ্য হন। টেইলর সুইফটের প্রথম গান ‘টিম ম্যাকগ্রা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। ফলে গীতিকার হিসেবে তার দুই দশকের পথচলা পূর্ণ হয়েছে এ বছর।
অনুষ্ঠানে আকর্ষণীয় সাজে হাজির হন সুইফট। খ্যাতিমান নির্মাতা স্টিভেন স্পিলবার্গ মঞ্চে এসে তাকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে প্রায় ২১ মিনিটের আবেগঘন বক্তব্যে নিজের সংগীতজীবন, সৃষ্টিশীলতার যাত্রা এবং পরিবারের অবদানের কথা তুলে ধরেন তিনি।
গীতিকার হিসেবে এই অর্জন টেইলর সুইফটের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ১৯৮৩ সালে মাত্র ৩২ বছর বয়সে স্টিভি ওয়ান্ডার সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে এ সম্মান অর্জন করেছিলেন। তবে নারী শিল্পীদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে এখন রেকর্ডটি টেইলর সুইফটের দখলে।
এই সম্মাননার ক্ষেত্রে তার জনপ্রিয় গান ‘অল টু ওয়েল (১০ মিনিট ভার্সন)’, ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘অ্যান্টি-হিরো’ এবং ‘লাভ স্টোরি’ বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
টেইলর সুইফট ছাড়াও এ বছর সংরাইটারস হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস, ক্রিস্টোফার ‘ট্রিকি’ স্টুয়ার্ট, ওয়াল্টার আফানাসিফ, টেরি ব্রিটেন, গ্রাহাম লাইল এবং কিংবদন্তি রক ব্যান্ড ‘কিস’-এর সদস্য পল স্ট্যানলি ও জিন সিমন্স।