
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গত মাসের ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি এতদিন আড়ালে থাকলেও শুক্রবার (৫ জুন) ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেই তা প্রকাশ্যে আনেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বুবলী সন্তানের জন্মের খবর জানানোর পাশাপাশি অভিনেতা শাকিব খানকে ট্যাগ করেন। একই পোস্টে তিনি কন্যার নাম জানান, রাখা হয়েছে শার্লিন খান।
ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
দীর্ঘদিন ধরে পর্দা ও গণমাধ্যম থেকে দূরে ছিলেন বুবলী। নতুন কোনো কাজ বা শুটিংয়েও তাকে দেখা যাচ্ছিল না। এ সময়েই তার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা এতদিন তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
জানা যায়, শাকিব খান ও শবনম বুবলীর সংসারে এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরে ২০২২ সালে তারা বিষয়টি প্রকাশ্যে আনেন।
বুবলীর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে থাকেন। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই হাজার হাজার রিঅ্যাকশন, মন্তব্য ও শেয়ার জমা পড়ে।