
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শুক্রবার সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিল্পী ও ভোটারদের উপস্থিতি। তবে এবারের নির্বাচনী আয়োজনের অন্যতম আলোচিত অনুপস্থিত মুখ ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। তবুও নির্বাচন ঘিরে আলোচনা ও আড্ডায় বারবার উঠে এসেছে তার নাম। বিশেষ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার বিভিন্ন কর্মকাণ্ড এবং আলোচিত ‘ডিগবাজি’ প্রসঙ্গও আলোচনায় ছিল।
এফডিসিতে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এ সময় জায়েদ খানকে নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, “জায়েদ খান একটি বিনোদনের নাম, এটা সবাই জানে। এবার তার নির্বাচনও মিস করছি, তার বিখ্যাত ডিগবাজিও মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই মানুষ মিস করে, এটাই স্বাভাবিক।”
জয় আরও বলেন, সশরীরে উপস্থিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও সক্রিয় রয়েছেন জায়েদ খান এবং তিনি নিজেও তাকে অনুসরণ করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে নিজের স্বভাবসুলভ রসিকতায় জয় বলেন, “পরিবেশ তো শুধু ক্যামেরাই দেখতেছি, ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।”
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শিল্পী সমিতির ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। এছাড়া আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।