
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৫ জন মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে মোট ৭৮টি ডিমেরিট পয়েন্ট কেটে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮টি ডিমেরিট পয়েন্ট আরোপ করা হয়েছে।
আইন অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারিত রয়েছে। কোনো চালকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন অপরাধের কারণে ১২ পয়েন্ট পূর্ণ হলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে।
বিআরটিএর ভাষ্য অনুযায়ী, আর্থিক জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কর্তনের ব্যবস্থাও কার্যকর করা হচ্ছে, যাতে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ে।
ডিমেরিট পয়েন্টের আওতায় থাকা অপরাধগুলোর মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল অমান্য করা, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটারে কারসাজি, অতিরিক্ত বোঝাই পরিবহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা এবং সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
এর আগে বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চালকদের জন্য নির্ধারিত ১২টি পয়েন্টের মধ্যে কোনো চালকের বিপক্ষে সব পয়েন্ট শেষ হয়ে গেলে তার লাইসেন্স বাতিল করা হবে।