
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের ঘটনায় হতাশ হয়েছেন বাংলাদেশের অসংখ্য সমর্থক। তবে কুষ্টিয়ার কুমারখালীর এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ফুটবলপ্রেমীদের উদ্দেশে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে আশপাশের মানুষের কটাক্ষে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
ঘটনাটি জানার পর মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি নিজেও ব্রাজিলের সমর্থক। তিনি সবাইকে মনে করিয়ে দেন, ফুটবল জীবনের চেয়ে বড় কিছু নয়; এটি কেবল বিনোদনের একটি অংশ।
অপূর্ব তার বার্তায় লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারন দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’
তিনি আরও বলেন, খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে ট্রল বা কটাক্ষ থাকলেও তা যেন সীমা অতিক্রম না করে।
এ বিষয়ে অপূর্ব লিখেছেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
বার্তার শেষাংশে তিনি জীবনের মূল্য উপলব্ধি করার আহ্বান জানিয়ে লেখেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’