
বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। চলমান বিশ্বকাপেও প্রিয় দলের প্রতিটি ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্ন এক অবস্থান জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
আজ রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। ম্যাচটি ঘিরে নিজের ফেসবুক পোস্টে বর্ষা জানিয়েছেন, আর্জেন্টিনা হারলেও এবার তার কোনো আক্ষেপ থাকবে না।
‘খোঁজ—দ্য সার্চ’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’
বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার অনেক অনুসারী এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করা উচিত নয় এবং এটি অপ্রাসঙ্গিক।
উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। দীর্ঘ সময় ধরে তিনি মূলত স্বামী, ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমায় কাজ করে আসছেন।
গত বছর অনন্ত জলিল ও বর্ষা ঘোষণা দিয়েছিলেন, অভিনয় ছেড়ে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করবেন। পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে তারা জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করার পর অবসরে যাবেন। এ বছরও তারা একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন। এছাড়া সামনে ‘কিল হি ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।