
বলিউডের জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’র তৃতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু করেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মূল চরিত্রে। আগের দুই কিস্তির কেন্দ্রীয় মুখ বিদ্যা বালানের পরিবর্তে ‘কাহানি থ্রি’তে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামী গৌতম।
ভারতীয় একটি বিনোদনভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমাটি আগের দুই কিস্তির গল্পের ধারাবাহিকতা অনুসরণ করবে না। বরং ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির রহস্যঘেরা আবহ বজায় রেখে একেবারে নতুন কাহিনি নিয়ে দর্শকের সামনে হাজির হবেন নির্মাতারা। আগের সাফল্যকে পুনরাবৃত্তি না করে ভিন্ন গল্পের মাধ্যমে থ্রিলারধর্মী নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ও রহস্যময় পরিবেশ অক্ষুণ্ন রাখার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ইয়ামী গৌতমের চরিত্রটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সূত্রটির ভাষ্য, পরিচালক সুজয় ঘোষ শুরু থেকেই সিনেমাটির সৃজনশীল দিক নিয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। পুরো টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তিনি এমন একটি থ্রিলার নির্মাণ করতে চান, যা নতুন হলেও ‘কাহানি’র স্বতন্ত্র আবহ ধরে রাখবে। ইয়ামী গৌতমকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার সিদ্ধান্তেও নির্মাতারা বেশ আশাবাদী।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’তে বিদ্যা বালান এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় অভিনয় করেন, যিনি নিখোঁজ স্বামীর খোঁজে কলকাতায় এসে একের পর এক রহস্যের মুখোমুখি হন। ছবিটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। পরে ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই সিনেমাটিও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল।
তথ্যসূত্র: পিঙ্কভিলা