
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়েছে। বৈঠকে উপস্থাপিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এ নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
রোববার (২৬ জুলাই, ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ বিষয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, কার্যক্রম এবং উপস্থাপনায় উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
এটি ছিল অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এতে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অংশ নেন। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।