
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।
রোববার (২৬ জুলাই, ২০২৬) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন।
অভিযোগে আয়াস দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে শাহবাগে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে ২০২৫ সালের ১৮ জানুয়ারি রাতে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। একই সঙ্গে আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, পরদিন তাকে কারওয়ান বাজার-বাংলামোটর এলাকায় ফেলে রেখে যাওয়া হলে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ জমা দেওয়ার পর আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি, নির্যাতন, খু.ন ও গু.মের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার সাংবিধানিক ভূমিকা ও দায়-দায়িত্বের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি ২০২৪ সালের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় তার কোনো আইনগত দায় বা সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।