
জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হ.ত্যা মামলার অভিযোগ গঠন শুনানিতে আদালতে নিজের কারাবন্দি জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে আরও বেশি সময় কথা বলার সুযোগ চেয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির করা হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব বক্তব্য দেন পলক।
আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক আমাকে হেলমেট না পরার নির্দেশ দিয়েছেন। আমার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। ৯৯ দিন রিমান্ডে ছিলাম। বর্তমানে তিনটি মামলার বিচার চলছে। আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।’
কারাগারে সুযোগ-সুবিধার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাই। আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে কথা বলার অনুমতি চাই।’
এদিন জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হ.ত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য পলকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
শুনানিতে পলকের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মালবাহী ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।
পরে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।