
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, তার নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৬ জুলাই, ২০২৬) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের শেষ সময়ে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুসারেই তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতাও পেয়েছি। ওই সময়ে সংবিধান অনুযায়ী তিনি প্রিভিলেজড ছিলেন। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ-সংক্রান্ত কোনো মামলা করা যায় না।’
তিনি আরও বলেন, ওই সময়ের বাইরে কেউ কোনো বক্তব্য দিয়ে থাকলে তা বলার স্বাধীনতা তার রয়েছে। তবে সরকার এমন কোনো বিষয় দেখেনি, যা আমলে নেওয়ার মতো।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সে অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং সেটি রয়েছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলা হয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে আমলে নেওয়ার মতো কিছু আমরা দেখিনি।’
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআরের মাধ্যমে ছয় মাসের বিশেষ সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, আইন যেসব সুবিধা নিশ্চিত করেছে, তার সবই সাবেক রাষ্ট্রপতি পাবেন।