
আমির খান অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গজনি’-তে ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ভারতের সংবাদমাধ্যম মিড-ডে-কে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে ক্যানসারমুক্ত হলেও সম্প্রতি রোগটি আবারও ফিরে আসে। গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। এ সময় তার রক্তের প্লেটলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। আগামী ৫ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯৮৫ সালে মুকুল আনন্দ পরিচালিত ‘এতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও, তারও আগে বি.আর. চোপড়া নির্মিত কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
পরবর্তী সময়ে ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘চন্দ্রকান্তা’ (১৯৯৪), ‘কয়লা’ (১৯৯৭) এবং ‘সরফরোশ’ (১৯৯৯)-এর মতো জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ চলচ্চিত্রে দেবা সিং সোধি চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৮ সালে এ আর মুরুগাদোস পরিচালিত ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক চরিত্রে অভিনয়ই তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়। এর আগে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত মূল তামিল ‘গজনি’ চলচ্চিত্রেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন।
সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছাভা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া চলতি বছর মুক্তি পাওয়া তেলেগু চলচ্চিত্র ‘গায়াপাড্ডা সিমহাম’ এবং নেপালি সিনেমা ‘আ বাটা আমা’-তেও তাকে দেখা গেছে।
দীর্ঘ চার দশকের অভিনয়জীবনে চলচ্চিত্র ও টেলিভিশনে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন প্রদীপ রাওয়াত। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্র: মিড-ডে