
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আরও বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকা সফররত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি
মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও জোরদার করতেই এই সফর। তিনি জানান, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সৌদি আরব আস্থা প্রকাশ করেছে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। এসব খাতে সৌদি আরবের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বিনিয়োগ সহযোগিতা জোরদারে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া চলতি বছরই বাংলাদেশে রাজনৈতিক পরামর্শ সভা (পলিটিক্যাল কনসালটেশন) এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বৈঠকে সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি বৈঠকের মূল আলোচ্য ছিল না। তবে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের কূটনৈতিক মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানে কাজ করছে।
তিনি বলেন, সৌদি আরব শুধু একটি খাতে নয়, বরং বহুমুখী ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।