
বয়সের ছাপ আড়াল করতে আর চুলে রং করছেন না বলিউড অভিনেতা আমির খান। ৬১ বছর বয়সী এই তারকা এবার নিজের রুপালি চুল নিয়েই স্বচ্ছন্দ। নতুন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনে নয়, বরং একঘেয়েমি কাটাতেই চুলে কলপ দেওয়া বন্ধ করেছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নেন আমির। সেখানে তাঁর নতুন ‘সল্ট অ্যান্ড পেপার’ লুক নিয়ে কৌতূহল তৈরি হয়। পাকা চুলে অভিনেতাকে দেখে উপস্থিত অনেকেই জানতে চান, এটি কি কোনো নতুন সিনেমার প্রস্তুতি?
জবাবে আমির বলেন, ‘এই লুকের বিশেষ কোনো কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।’
অভিনেতার বক্তব্যে স্পষ্ট, নতুন কোনো চরিত্রের প্রয়োজনে নয়, নিজের পছন্দ থেকেই চেহারায় এই পরিবর্তন এনেছেন তিনি। বয়সের স্বাভাবিক ছাপ মেনে নিয়ে নিজের মতো করে থাকতে চান বলিউডের এই তারকা।
আমিরের নতুন লুক নিয়ে আলোচনার মধ্যে মজার মন্তব্য করেছেন পরিচালক সুভাষ ঘাইও। তাঁর ধারণা, আমিরকে যখনই ভিন্ন সাজে দেখা যায়, তখনই এর পেছনে কোনো চরিত্রের প্রস্তুতি থাকার সম্ভাবনা থাকে।
রসিকতা করে সুভাষ ঘাই বলেন, ‘যখনই ওকে অন্যরকম সাজে দেখবে, বুঝে নিতে হবে যে ও কোনো চরিত্র নিয়ে পড়াশোনা করছে।’
তবে এবার সেই ধারণা নাকচ করেছেন আমির নিজেই। চুলে রং না করার সিদ্ধান্তের পেছনে কোনো সিনেমা বা চরিত্রের ভূমিকা নেই বলে জানিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নিজস্ব জীবনযাপনের ধরন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন আমির খান। এবার তাঁর স্বাভাবিক চেহারায় ফিরে আসার সিদ্ধান্তও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।