
কোনো নতুন নাটক বা সিনেমার কাজ ছাড়াই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কেন্দ্রে থাকেন পরীমনি ও হিরো আলম। দুজনেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমেই এসব আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
শোবিজ অঙ্গনসহ বিভিন্ন মহলে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এই বিতর্কে এবার যুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি নিজে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের কাছে পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধনী বা সমাপনী আয়োজনে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হিরো আলম।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’
পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সেলিব্রিটি ও গণমাধ্যমসংশ্লিষ্ট সবারই সাংবাদিকদের সম্মান করা উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা একজন সাংবাদিককে যেভাবে গালিগালাজ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
পরীমনিকে উদ্দেশ করে হিরো আলম বলেন, ‘আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে!’
তিনি আরও বলেন, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটানো উচিত। আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পরীমনির প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।