
দীর্ঘদিন ছেলেকে আড়ালে রাখার পর প্রথমবারের মতো তার ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলি উপলক্ষে পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তারা। ছবিতে দেখা গেছে তাদের ছেলে ভিহানকে।
রোববার (৮ নভেম্বর) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তাঁরা।
ছবিতে উৎসবের সাজে ধরা দিয়েছেন এই তারকা দম্পতি। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক, অন্যদিকে ভিকিকে দেখা গেছে ক্রিম রঙের শেরওয়ানিতে। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে ছিল ছোট্ট ভিহান। একটি ছবিতে হাসিমুখে হাত নাড়তেও দেখা যায় তাকে।
এতদিন ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন ক্যাটরিনা ও ভিকি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি প্রকাশ করলেও তার মুখ কখনো দেখাননি তাঁরা। ফলে দীপাবলির শুভেচ্ছার সঙ্গে ভিহানের প্রথম প্রকাশ্য ছবি ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
২০২১ সালে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২৫ সালে তাঁদের পরিবারে জন্ম নেয় ছেলে ভিহান।