
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য হিসেবে আর সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না অভিনেত্রী তানজিন তিশা। তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ। আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সিদ্ধান্তের বিষয়টি অভিনেত্রীকে জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
তিশার কাছে পাঠানো চিঠিতে অবশ্য তারিখ উল্লেখ রয়েছে ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশার সদস্যপদ স্থগিতের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। তবে নোটিশে নির্ধারিত সময়সীমা পার হলেও এ বিষয়ে কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি অভিনেত্রী।
এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা হয়েছে। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে।