
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পরীমনির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিওভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন সব কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলোর কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।
এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, তাঁকে গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে এই চিত্রনায়িকার বিরুদ্ধে।