
শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের উদ্যোগে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একজন হত্যাকারী (শেখ হাসিনা) ভারত থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন। প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।’ শেখ হাসিনা চামচা-তাবেদারদের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তি বুঝতে না পারায় তাঁর লজ্জাজনক পতন হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ বারবার নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা প্রতিহত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
শেখ হাসিনার সমালোচনা করে রিজভী আরও বলেন, তিনি জনগণের কাছে স্বাধীনতার চেতনার কথা বললেও দিল্লির কাছে কৃতদাসের মতো আচরণ করতেন। এ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তজার বক্তব্যের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে নড়াইল থাকবে না—এমন বক্তব্যের পরও কি নড়াইল হারিয়ে গেছে?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, দেশে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাঁর শাসনামলে বহু রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়। সে সময় টেলিভিশন ও সংবাদপত্রের সংখ্যা বাড়ার পাশাপাশি গণমাধ্যমে মতপ্রকাশের সুযোগও বিস্তৃত হয়।