
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
শনিবার (৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসনসংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?
জামায়াত আমির আরও বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’
এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান তিনি।