
শাড়িকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ ও ভুল তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন তিশা। পাশাপাশি বাদীর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করেন।
অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা বাদীর ফেসবুক মেসেঞ্জারে কল করে ছবি ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’
বাদীর দাবি, গত ২৭ অক্টোবর তিশা তার অজান্তে এক নারীকে চুম্বনের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। একই সঙ্গে দুই নাবালক শিশুর ছবিও পোস্ট করেন। এসব ছবির ক্যাপশনে বিভ্রান্তিকর মন্তব্য করে তার সম্মানহানি করা হয়েছে।
বিষয়টি ওই দিন রাত ১১টার দিকে বাদীর নজরে এলে পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো অপসারণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নিজের জনপ্রিয়তা ব্যবহার করে বাদীকে নিয়ে কটূক্তি এবং বিভিন্ন ব্যক্তির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে তানজিন তিশার বিরুদ্ধে। এতে বাদীর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।