
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২২৪ জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ জন শিশু। আর হামের সদৃশ উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৫৮ জন শিশু।
পরিসংখ্যানে দেখা গেছে, উল্লিখিত সময়ের মধ্যে সারা দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জন শিশুর শরীরে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৪ হাজার ৯৪০ জন শিশু।
বিভাগীয় উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এ পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২৩১ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ জন শিশু।
বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে জ্বর, র্যাশ বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।