
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তা-ই পাবে।
রবিবার (২৪ মে) দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানের বিশাল পর্দায় ফোনকলে সরাসরি কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।”
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও গভীর বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ভারতের উদ্দেশে আশ্বস্ত করে বলেন, “ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো বিষয়ে সহায়তার প্রয়োজন হয়, তবে তারা ভালো করেই জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তা-ই পাবে।”
অনুষ্ঠানে নিজের দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের বর্তমান সাফল্যের কথা উল্লেখ করার পাশাপাশি ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অদূর ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এই আয়োজন থেকে জানা গেছে।
এদিকে বর্তমানে ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার মতে, এই চুক্তি উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে তিনি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে।