
রাজধানীর আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্দিষ্ট সময় শেষে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, "এই ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনজীবী নিয়োগ করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে, সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই। তবে ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে সরকারের আইনি ও প্রশাসনিক সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।"
আসন্ন ডেঙ্গু মৌসুমের প্রস্তুতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য জরুরি চিকিৎসাসামগ্রী, বিশেষ করে স্যালাইন মজুদ রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের মজুদ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।
এদিকে, বিগত সময়ে হামের টিকা না দেওয়ায় শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে সংসদীয় কমিটির কাছে দেওয়া বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, "যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার নতুন করে জোরালো টিকা কার্যক্রম চালিয়ে দেশ থেকে হাম নির্মূল করতে চায়।"
দেশের ওষুধ শিল্পের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে। এই পরিধি ও দেশের সংখ্যা আরও বাড়ানোর জন্য কাজ করছে সরকার। ওষুধ রপ্তানি বাড়াতে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।