
হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পান, সে বিষয়ে চিকিৎসকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আইসিইউ সুবিধা সম্প্রসারণে কাজ করছে। তবে শুধু অবকাঠামো বা সুযোগ-সুবিধা বাড়ালেই হবে না, রোগীদের নিয়মিত তদারকি ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব চিকিৎসকদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা, জবাবদিহিতার অভাব এবং পেশাগত নৈতিকতার ঘাটতি থাকলে জনসেবার লক্ষ্য অর্জন সম্ভব নয়। চিকিৎসা খাতে জনগণের আস্থা ধরে রাখতে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এই বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।