
দেশে হাম পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন রংপুর বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত এক দিনে নতুন করে এক হাজার ২১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৪ হাজার ১৪৯ জনে।