
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। একই সময়ে নতুন করে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনহাজ ও হারিছা বেগমের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মরিয়ম ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকে ভুগছিলেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।