
সাইকেল চালকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে নির্মিত এ ট্র্যাকের মাধ্যমে নগরবাসীর জন্য পরিবেশবান্ধব যাতায়াত ও শরীরচর্চার নতুন সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ট্র্যাকটির দৈর্ঘ্য প্রকল্পের তথ্যে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার উল্লেখ করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার বলে জানান। ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথ, ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনের পর এক সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো কেবল বিনোদনের বিষয় নয়; অনেক মানুষ কর্মস্থলে যাতায়াত ও দৈনন্দিন কাজেও সাইকেল ব্যবহার করেন। তাঁদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণ করা কোনো বিলাসিতা নয়। একটি সভ্য ও উন্নত দেশে সাধারণ মানুষের এসব সুবিধা থাকা জরুরি। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে নিরাপদ পথ না থাকলে মানুষ সাইকেল চালাতে উৎসাহিত হন না। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরবাসীর হাঁটার সুবিধা বাড়াতে এবং বিশেষ করে খালের দুই পাশে হাঁটার পথ তৈরির বিষয়েও গুরুত্ব দেন তিনি।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে সিটি করপোরেশন গর্বিত। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামকে আরও বাসযোগ্য করে তুলতে এ ধরনের অবকাঠামো উন্নয়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।