
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রয়েছেন।
সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।