
দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের হার গত পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীর হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৭ শতাংশে পৌঁছেছে।
গত বছর দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩২১ জনই শিক্ষার্থী।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন করে এইচআইভি শনাক্ত হওয়া ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন। তাঁদের হার ছিল ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন শিক্ষার্থী ছিলেন, যা মোট শনাক্তের ১৪ দশমিক ৫০ শতাংশ। আর ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৪২ জন বা ৪ দশমিক ৪৩ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের পর থেকে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের হার প্রতিবছর ধারাবাহিকভাবে বেড়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব এবং অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক প্রচারণা জোরদার, পরীক্ষার সুযোগ বাড়ানো এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি তাঁদের প্রতি সামাজিক বৈষম্য দূর করাও জরুরি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ার কারণে এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা আগের তুলনায় কমে গেছে।
তিনি বলেন, স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে এ কার্যক্রম পরিচালনায় নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
৩৬ বছরে শনাক্ত ১৪ হাজারের বেশি, মৃত্যু ২ হাজার ৬৬৬
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। এরপর থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৩১৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। গত বছর এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত এ রোগে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬।
গত বছর নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, তাঁদের ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশ আক্রান্তের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে।
বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) গ্রহণ করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় আনার কারণে এইচআইভি শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।
পরীক্ষা ও চিকিৎসার সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের এক উপস্থাপনায় এইচআইভি মোকাবিলায় কয়েকটি বড় প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত। পাশাপাশি দেশের মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যা সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতার অভাব, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয়হীনতা এবং এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও রোগটি মোকাবিলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।