
দেশে হামের সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গ মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮২। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। একই সময়ে নতুন করে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৪২ জনে পৌঁছেছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।